নিজস্ব প্রতিনিধি: ‘হাত ধোয়া নায়ক হোন’—প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তাদের হাতের নখও পরীক্ষা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সিংগাইর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি বের হয়। র্যালিটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরের হলরুমের সামনে শিক্ষার্থীরা হাত ধোয়ার সাতটি কৌশল প্রদর্শন করে। এ সময় ইউএনও খায়রুন্নাহার ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. নেওয়াজ শরীফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে ইউএনও শিক্ষার্থীদের হাতের নখ পরীক্ষা করেন। যেসব শিক্ষার্থীর নখ বড় ছিল, তাদের নখ ছোট ও পরিষ্কার রাখার নির্দেশনা দেন তিনি।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শিশুদের সঠিকভাবে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার বিষয়ে সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

