সময়পত্র ডেস্ক: রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক অ্যাডভোকেটের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ওই কক্ষে আনোয়ার হোসেন একাই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
বাড়ির মালিক মনির হোসেন জানান, চলতি মাসেই চার হাজার টাকা মাসিক ভাড়ায় ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন আনোয়ার হোসেন।
ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এছাড়া নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে পুলিশ তার ঠিকানা হিসেবে ৩১২ জগন্নাথ সাহা রোডের তথ্য পেয়েছে। তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এদিকে, ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এবং লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরে ময়নাতদন্তের জন্য অ্যাডভোকেট মুহাম্মদ আনোয়ার হোসেনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

