সময়পত্র ডেস্ক: রাজবাড়ীতে পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বাড়লেও জেলার তিনটি গেজ স্টেশনেই পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আপাতত জেলার কোথাও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তাজমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
পানি উন্নয়ন বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ১ সেন্টিমিটার বেড়েছে। একই সময়ে জেলা সদরের মহেন্দ্রপুর ও পাংশার সেনগ্রাম পয়েন্টে পানি বেড়েছে ৮ সেন্টিমিটার করে।
তবে পানি বাড়লেও তিনটি পয়েন্টেই তা বিপৎসীমার নিচে রয়েছে। দৌলতদিয়ায় পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার, মহেন্দ্রপুরে ১৮২ সেন্টিমিটার এবং সেনগ্রামে ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
নির্বাহী প্রকৌশলী জানান, রাজবাড়ীর অংশে পদ্মার পানি বাড়লেও এখন পর্যন্ত কোনো পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেনি। একই সঙ্গে জেলার কোনো এলাকা প্লাবিত হওয়ার খবরও পাওয়া যায়নি।
এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায় নদীভাঙনের কিছুটা প্রবণতা দেখা দিয়েছে।
রাজবাড়ীতে পদ্মার পানি পরিমাপের জন্য জেলা সদরের মহেন্দ্রপুর, পাংশার সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়ায় তিনটি পৃথক গেজ স্টেশন রয়েছে।

