ক্রিড়া ডেস্ক: লা লিগার চতুর্থ ম্যাচে রিয়াল বেটিসের কাছে ১-০ গোলে হেরে সমালোচনার মুখে পড়েছিল রিয়াল মাদ্রিদ। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের পারফরম্যান্স নিয়ে স্প্যানিশ গণমাধ্যমে উঠেছিল নানা প্রশ্ন। তবে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই নিজেদের পারফরম্যান্স দিয়ে সমালোচনার জবাব দিয়েছেন এই দুই তারকা।
ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় জয় দিয়ে যাত্রা শুরু করেছে ১৫ বারের চ্যাম্পিয়নরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা অবশ্য রিয়ালের জন্য স্বস্তির ছিল না। প্রথম ১৫ মিনিটে দারুণ আধিপত্য দেখায় ইন্টার মিলান। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে মার্কোস থুরামের ভলি ঠেকিয়ে দলকে বিপদমুক্ত করেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর হাকান চালহানোলুর ফ্রি-কিকও রিয়ালের জন্য হুমকি তৈরি করে। নিজেদের মাঠে শুরুতেই চাপের মধ্যে পড়ে যায় স্বাগতিকরা।
তবে সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি এমবাপ্পে। ম্যাচের ১৪তম মিনিটে ইন্টারের ডিফেন্ডার ইয়ান বিসেকের ভুলের সুযোগ নেন দিয়াজ। তার কাছ থেকে বল পেয়ে এমবাপ্পের দিকে অ্যাসিস্ট বাড়ান তিনি। সুযোগটি কাজে লাগিয়ে নিজের চেনা ভঙ্গিতে দুর্দান্ত ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।
এর নয় মিনিট পরই আবারও ইন্টারের ভুল থেকে আসে রিয়ালের দ্বিতীয় গোল। নিজের নিয়ন্ত্রণে থাকা বল নিয়ে ফেদেরিকো ভালভার্দের সামনে স্কিল দেখানোর চেষ্টা করেন ইন্টার গোলরক্ষক জোসেপ মার্তিনেজ। ভালভার্দের চাপের মুখে সেই প্রচেষ্টাই কাল হয়ে দাঁড়ায়। বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মার্তিনেজ এবং শেষ পর্যন্ত বল জড়িয়ে যায় জালে। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
দুই গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালায় ইন্টার। একের পর এক আক্রমণ করেও দীর্ঘ সময় রিয়ালের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অবশেষে ম্যাচের ৭৭তম মিনিটে ব্যবধান কমানোর সুযোগ আসে ইতালিয়ান ক্লাবটির সামনে।
লাউতারো মার্তিনেজের বাড়ানো বল থেকে গোল করেন কার্লোস অগুস্তো। এতে ম্যাচে উত্তেজনা ফিরে এলেও শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি ইন্টার।
বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। ফলে ঘরের মাঠে জয় দিয়ে নতুন চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করল ১৫ বারের ইউরোপসেরা দলটি।

