ক্রিড়া ডেস্ক: দেশের গলফের উন্নয়ন এবং দক্ষ পেশাদার খেলোয়াড় তৈরিতে পৃষ্ঠপোষকতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, পেশাদার গলফারদের স্পন্সর করা হলে এই খেলায় প্রতিভাবানদের অংশগ্রহণ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে ‘সেকেন্ড সিএএস কাপ প্রফেশনাল টুর্নামেন্ট-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন সেনাপ্রধান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, দেশে গলফকে আরও এগিয়ে নিতে ব্যবসায়ী, ব্যাংকারসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। পেশাদার খেলোয়াড়দের নিয়মিত সহযোগিতা ও স্পন্সর করা গেলে তাদের অনুশীলন ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বাড়বে। এতে গলফে নতুন প্রতিভা উঠে আসার পথও আরও প্রশস্ত হবে।
তিনি আরও বলেন, গলফের বিকাশ কেবল দেশের ক্রীড়াঙ্গনেই ইতিবাচক প্রভাব ফেলবে না, আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলতে পারে। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করা সম্ভব।
সেনাপ্রধান জানান, ঢাকার বাইরে দেশের আরও পাঁচটি স্থানে গলফ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব একাডেমির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিভাবানদের প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে এবং সেখান থেকে ভবিষ্যতে দক্ষ খেলোয়াড় উঠে আসবেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান আশা প্রকাশ করেন, গলফের অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি খাতের সহযোগিতা বাড়ানো গেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের গলফারদের সাফল্য আরও বাড়বে।

