সময়পত্র ডেস্ক: সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। তবে কত ধাপে নির্বাচন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ, একটি উপজেলার আওতাধীন সব ইউনিয়নে একই সময়ে ভোট অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে একসঙ্গে এবং বাকি ইউনিয়নে অন্য ধাপে নির্বাচন হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই একই উপজেলার সব ইউনিয়নে একসঙ্গে ভোট নেওয়া হবে। তবে পুরো দেশের নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে কমিটি প্রস্তাব দেবে। পরে সেই প্রস্তাবের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

