সময়পত্র ডেস্ক: দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ১২ থেকে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ সদস্যরা। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া করেন।
একপর্যায়ে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের ভারতীয় সীমান্তের ভেতরে ফিরিয়ে নেয় বিএসএফ।
এদিকে, পুশ-ইনের ঘটনা ঠেকাতে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। একই সঙ্গে অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয়রাও সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।
/এএন

