সময়পত্র ডেস্ক: রাজধানীর সবুজবাগে কাতারপ্রবাসী এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে হামলার শিকার হন সিফাত নামে ওই যুবক।
পুলিশ জানায়, সবুজবাগের একটি বাসায় এক নারী শিক্ষার্থী ভাড়া থাকেন। পাশাপাশি তিনি অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত। রোববার বিকেলে তার বাসায় বেড়াতে যান কাতারপ্রবাসী বন্ধু সিফাত।
এ সময় এলাকার কয়েকজন যুবক ওই বাসায় ঢুকে সিফাতের ওপর চড়াও হয়। ধস্তাধস্তির একপর্যায়ে সিফাত কয়েকজনকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে সিফাত বাসার নিচে নামলে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সিফাত যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

