ক্রিড়া ডেস্ক: এস্তাদিও মেস্তায়ায় ভ্যালেন্সিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকদের ৫-০ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের দল। ম্যাচে জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল।
রোববার (৬ সেপ্টেম্বর) ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ওঠে বার্সেলোনা। ষষ্ঠ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ইয়ামাল। এরপর ২২ মিনিটে ফেরমিন লোপেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সা।
দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ৫০ মিনিটে রাফিনিয়ার গোলে ব্যবধান ৩-০ হয়।
এরপর ৭৯ মিনিটে দানি ওলমোর বাড়ানো বলে গোল করেন পেদ্রি। ম্যাচের শেষদিকে ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ভ্যালেন্সিয়ার জালে পাঁচ গোল পূর্ণ করেন ইয়ামাল।
এই জয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

