সময়পত্র ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বোয়িং ৭৬৭-৩০০ বিমানটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে পড়ে। পরে বিমানটি একাধিক যানবাহনে ধাক্কা দিলে এতে আগুন ধরে যায়।
মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানান, ২১ এয়ারের ফ্লাইট ৭৫৯৮ দুর্ঘটনার কবলে পড়ে। এতে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
মায়ামি-ডেড ফায়ার রেসকিউ বিভাগের প্রধান রে জাদাল্লাহ জানান, দুর্ঘটনায় মোট ১০ জন জড়িত ছিলেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। বাকি দুজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

