ক্রিড়া ডেস্ক: ইউএস ওপেনে অদ্ভুত এক পরিস্থিতিতে সাময়িকভাবে ম্যাচ থামাতে হলো বিশ্বের এক নম্বর টেনিস তারকা অ্যারিনা সাবালেঙ্কাকে। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে গাঁজার তীব্র গন্ধ আসায় বিষয়টি আম্পায়ারের নজরে আনেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফ্লাসিং মিডোজের লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের ম্যাচে উজবেকিস্তানের কামিলা রাখিমোভার মুখোমুখি হন টুর্নামেন্টের শীর্ষ বাছাই সাবালেঙ্কা। ম্যাচের শুরুতে ৩-০ গেমে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সার্ভিস গেমে ৩০-০ পয়েন্টে থাকা অবস্থায় হঠাৎ খেলা থামিয়ে আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে গন্ধের বিষয়টি জানান তিনি।
সে সময় সাবালেঙ্কা আম্পায়ারকে বলেন, কেউ গাঁজা সেবন করছে এবং গন্ধটি খুবই তীব্র। বিষয়টি একটু খেয়াল করার অনুরোধও জানান তিনি।
তবে এই অস্বস্তিকর পরিস্থিতির পরও ম্যাচে জয় নিয়েই কোর্ট ছাড়েন বেলারুশের তারকা। ৬-৩ ও ৬-৪ সেটে জয় তুলে নেন সাবালেঙ্কা।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গাঁজা সেবন নিয়ে তার ব্যক্তিগত কোনো আপত্তি নেই বলে জানান বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা। তবে টেনিস কোর্টের আশপাশে ধূমপান না করার অনুরোধ করেন তিনি।
হাস্যরসের সঙ্গে সাবালেঙ্কা বলেন, মানুষ যা খুশি করতে পারে এবং নিজেদের মতো উপভোগও করতে পারে। তবে খেলোয়াড়রা যখন সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেন, তখন টেনিস কোর্টের আশপাশে এমন তীব্র গন্ধ সামলানো কঠিন হয়ে পড়ে।
ফ্লাসিং মিডোজে গাঁজার গন্ধ নিয়ে অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও কয়েকজন খেলোয়াড় এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ইউএস ওপেনের ভেন্যুর ভেতরে ধূমপান নিষিদ্ধ হলেও নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিনোদনমূলক গাঁজা সেবন বৈধ। ফলে পাশের ফ্লাসিং মিডোজ-করোনা পার্ক থেকে বাতাসের সঙ্গে গাঁজার গন্ধ টেনিস কমপ্লেক্সে পৌঁছে যেতে পারে।
সাবালেঙ্কা জানান, এবারের টুর্নামেন্টেও এর আগে গাঁজার গন্ধ পেয়েছেন তিনি। তবে শুক্রবারের ম্যাচ চলাকালে যে পরিমাণ তীব্র গন্ধ অনুভব করেছেন, এমন পরিস্থিতির মুখোমুখি আগে হননি।
তার ধারণা, সেদিন বাতাস বেশি থাকায় বাইরে অথবা দর্শকসারির কোনো অংশ থেকে গন্ধটি স্টেডিয়ামের ভেতরে ঢুকে থাকতে পারে।
শেষে মজার ছলেই তিনি বলেন, মানুষ যেন বিষয়টি একটু সচেতনভাবে দেখে এবং অন্তত টেনিস কোর্টের আশপাশে কেউ ধূমপান না করেন।

