সময়পত্র ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের বহর লালদিঘীর উদ্দেশে যাত্রা করে।
লংমার্চের আগে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নির্বাচিত সরকার ভোটের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার কারণেও ক্ষোভ প্রকাশ করেন তারা।
১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নের জন্য ছয় দিনই যথেষ্ট ছিল। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও সেই গণরায় বাস্তবায়ন করা হয়নি। এর মাধ্যমে সরকার জনগণের রায়কে উপেক্ষা করেছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, সরকারের এই ধৃষ্টতার যথাযথ জবাব দেশের মানুষ সঠিক সময়ে দেবে।
বক্তারা আরও অভিযোগ করেন, প্রশাসনকে দলীয়করণ থেকে শুরু করে মানুষের মতপ্রকাশের অধিকার সংকুচিত করা হচ্ছে। এর মাধ্যমে সরকার সর্বত্র ফ্যাসিবাদী কায়দায় ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তারা।
এ সময় নেতারা বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের পাশাপাশি সার সংকট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এসব সংকট দ্রুত সমাধানের দাবিও জানান তারা।

