সময়পত্র ডেস্ক: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। পরে তারা সমাধিস্থলে বিশেষ মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্বাধীনতা রক্ষা, দেশের সার্বভৌমত্ব শক্তিশালী করা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে দলটি গঠিত হয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে বিএনপি।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি।

