সময়পত্র ডেস্ক: প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা আশুগঞ্জ সার কারখানা দ্রুত পুনরায় চালুর দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কারখানার শ্রমিক-কর্মচারীরা।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।
কর্মসূচিতে আশুগঞ্জ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করে অংশ নেন। এছাড়া আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ নেতৃবৃন্দ এবং স্থানীয় সিএনজি, ট্রাক ও রিকশা মালিক সমিতির নেতারাও এতে যোগ দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অত্যন্ত লাভজনক ও কৃষিবান্ধব জাতীয় প্রতিষ্ঠান আশুগঞ্জ সার কারখানা দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে কারখানার মূল্যবান জমি ব্যক্তিস্বার্থে লিজ দেওয়ার পাঁয়তারা চলছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, দ্রুত কারখানা চালু করতে হবে এবং জমি লিজ দেওয়ার উদ্যোগ বন্ধ করতে হবে। অন্যথায় আগামীতে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের সার্বিক যোগাযোগ বন্ধসহ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

