সময়পত্র ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যায় দুই শতাধিক স্কুলশিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া বন্যার পানিতে প্রায় ২০ জন শিক্ষার্থী ভেসে গেছে। খবর বিবিসির।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে নয়টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে এবং সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই শতাধিক শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর বেশিরভাগই রাসুয়া ও নুওয়াকোট জেলায়।
এই দুই জেলার ক্ষতিগ্রস্ত কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। বন্যায় এসব স্কুলের কিছু পানিতে ডুবে গেছে, আবার কিছু মাটির নিচে চাপা পড়েছে।
একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানিতে শিক্ষার্থীদের বহনকারী একটি বাসও ভেসে গেছে। ফলে নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে উদ্বেগ আরও বাড়ছে।

