সময়পত্র ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ্যে এসেছে। জানুয়ারিতে তাকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এবারই প্রথম তার ছবি প্রকাশ হলো। খবর আল-জাজিরার।
রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও টেলিগ্রামে ছবিগুলো প্রকাশ করা হয়।
ছবিগুলো প্রকাশ করে মাদুরো বলেন, তার নাতি-নাতনি, ছেলে-মেয়ে এবং তাকে ভালোবাসেন এমন মানুষদের জন্য এগুলো ছোট একটি উপহার। তিনি আরও বলেন, তারা শক্ত ও শান্ত আছেন এবং ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে।
ছবিতে ধূসর ট্র্যাকস্যুট ও স্নিকার্স পরা মাদুরোকে হাসিমুখে ভিক্টরি সাইন দেখাতে দেখা যায়। তাকে আটকের পর তার ওজনও বেশ কমেছে বলে ছবিতে মনে হচ্ছে।
ছবিগুলো রোববার প্রকাশ করা হলেও ছবির তথ্য অনুযায়ী, এগুলো গত ২৫ জুন তোলা হয়েছিল। এর এক দিন আগে উত্তর ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ছবিগুলো আসল কি না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রকাশ করা হয়েছে কি না, তা জানতে এএফপি আটককেন্দ্রটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো উত্তর পাওয়া যায়নি।
মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে তেলক্ষেত্র পরিচালনার সুযোগ দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেওয়ার দুই দিন পর ছবিগুলো প্রকাশ করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে এক নজিরবিহীন সামরিক অভিযানে কারাকাসের নিজ বাসভবন থেকে নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে মাদুরো যুক্তরাষ্ট্রের ব্রুকলিন মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক রয়েছেন।

