সময়পত্র ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্যনাকশী গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোহান ওই গ্রামের হযরত আলীর ছেলে এবং শিশু শ্রেণির শিক্ষার্থী। ইসমাইল ওবায়দুল আসলামের ছেলে ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানান, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে দুই শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। দীর্ঘ সময়েও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন ভোরে স্থানীয়রা একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এলাকাবাসী জানান, দুই শিশু মাঝেমধ্যে স্থানীয় জলাশয়ে মাছ ধরতে নামত। তবে তারা ভালোভাবে সাঁতার জানত না।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

