সময়পত্র ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর আজ আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। নির্বাচনে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
এবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অলি আহমদ।
নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ব্যবস্থায় সংসদ কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। সংসদ সদস্যরা নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে ব্যালট বাক্সে ব্যালট জমা দেবেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে।
গণনা শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। এরপর বৃহস্পতিবারই নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছর রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা প্রথমবার ভোট দেন। এরপর পরবর্তী সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

