সময়পত্র ডেস্ক: নারীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে অনার্স পর্যায় পর্যন্ত তাদের পড়াশোনার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থার কথাও জানান তিনি।
রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে শিক্ষায় পিছিয়ে রেখে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে সরকার অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এর আগে খালেদা জিয়া সরকার পরিচালনার সময় নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার উচ্চশিক্ষার পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নারী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে দেশের দায়িত্ব নেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে উপবৃত্তির ব্যবস্থাও করা হবে।
নারীদের শুধু শিক্ষিত নয়, অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পরিবারের দায়িত্ব পালনকারী নারীদের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে।
নারী সমাজকে শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতার মাধ্যমে আরও এগিয়ে নেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

