নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, প্রার্থী নির্বাচনের দায়িত্ব বিএনপির স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে। তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১১টায় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের বিভিন্ন প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও সংসদের স্পিকারের উপস্থিতিতে ভোটগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত গণমাধ্যমের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।
তিনি আরও জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা সংসদে তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটগ্রহণের প্রক্রিয়া চলবে।
নুরুল ইসলাম মনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না।
অন্যদিকে, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ যাতে তৈরি না হয়, সে কারণেই ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে বলেও জানান তিনি।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট বিকেল ৪টা। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন।

