সময়পত্র ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে অন্য ব্যক্তিকে দিয়ে মৌখিক পরীক্ষা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা আব্দুল গাফফার হিমেল রিমান্ড আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামিদের উপস্থিতিতে শুনানির নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন টাঙ্গাইলের গোপালপুরের মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালীর মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরীর মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুরের মো. মাসুদ ফকির।
মামলার তথ্য অনুযায়ী, গত রোববার সচিবালয় থেকে চারজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম আরিফুর রহমান বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।
তদন্তে জানা যায়, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের ছবি সংরক্ষণ করা হয়েছিল। পরে নিয়োগপ্রাপ্তদের যোগদান করতে আসার সময় পরীক্ষার ছবির সঙ্গে চারজনের চেহারার অমিল ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, তাঁদের হয়ে অন্য ব্যক্তি মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ বিষয়ে তাঁরা লিখিত স্বীকারোক্তিও দেন।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে বিভিন্ন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৩১৮ জন। সেখান থেকে ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয় এবং শেষ পর্যন্ত ২০ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।

