সময়পত্র ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শিক্ষার্থীবান্ধব পরিবেশে সম্পন্ন করতে পাঁচটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের ২ হাজার ৫৮৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুকূল আবহাওয়া এবং প্রশাসনের সমন্বিত প্রস্তুতির ফলে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে পরীক্ষায় অংশ নেয়।
সরকারের নেওয়া পাঁচটি উদ্যোগ হলো—
১. বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদফতর ও সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সব বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২. যাতায়াত সমস্যা বা জলাবদ্ধতার মতো পরিস্থিতি সৃষ্টি হলে প্রয়োজন অনুযায়ী পরীক্ষা কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বৃদ্ধি-সহ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে।
৩. প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবে।
৪. পদার্থবিজ্ঞান প্রথম পত্রে থাকা দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের ঘটনায় দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মাহদী আমিন বলেন, সরকারের কাছে এইচএসসি কেবল একটি পাবলিক পরীক্ষা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের পথচলার গুরুত্বপূর্ণ ধাপ। তাই শিক্ষার্থীদের স্বার্থ, নিরাপত্তা ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

