নিজস্ব প্রতিনিধি: সারা দেশে আজ (বৃহস্পতিবার) শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের পৃথক প্রশ্নপত্রে অংশ নেবেন।
এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে সৃজনশীল বা তত্ত্বীয় অংশ নেওয়া হবে। দেশব্যাপী ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবার বেশ কিছু নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথমবারের মতো কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নকল ও অনিয়ম ঠেকাতে সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ক্যামেরার কার্যক্রম তদারকির জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেলের মাধ্যমে দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্রের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
এদিকে, গতকাল সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূচি অনুযায়ী, এইচএসসির লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

