নিজস্ব প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষা চলাকালে আকস্মিক পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা প্রায় ১১টার দিকে তিনি হঠাৎ করেই উপজেলার গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা কেন্দ্র—জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার জানান, পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবেই মন্ত্রীর এই ঝটিকা সফর।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা, প্রশ্নপত্রের নিরাপত্তা এবং নকলমুক্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা পরিচালনার জন্য।
সর্বশেষ দুপুর ১২টার দিকে সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি পরীক্ষার সার্বিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

