নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে অতিরিক্ত মূল্য আদায় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।
বুধবার (১৮ মার্চ ) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে “বেবিল্যান্ড” গার্মেন্টস সামগ্রীর দোকানের মালিক মোঃ আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা, “টিউলিপ” গার্মেন্টস সামগ্রীর দোকানের মালিক তামিম চৌধুরীকে ৩০ হাজার টাকা এবং “সিনহা ফ্যাশন” এর মালিক ইদ্রিস আলীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে গোলরা গ্রামের তারিকুল ইসলামকে ৫ হাজার টাকা এবং একই গ্রামের নজরুল ইসলাম এর মুদি দোকানেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

