নিজস্ব প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন RU Accounting Club Limited (RUACL)-এর শুভ উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ জোরদার, অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর মিরপুর-১৪ এলাকায় অবস্থিত গ্র্যান্ড প্রিন্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. জাহেদুল ইসলাম (জাহিদ)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুম মিয়ার সঞ্চালনায় অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী পেশাগত প্ল্যাটফর্ম গড়ে তোলার ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি জ্ঞানচর্চা, গবেষণা কার্যক্রম, পেশাগত উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সংগঠনটির সক্রিয় অবদান থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও “দি প্লাস্টিসিটি” কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।
পরে ইফতার মাহফিলের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা সৃষ্টি হয়।

