র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুমোদনের পর বিশেষায়িত এই বাহিনীর নতুন নাম নির্ধারণ করা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে নতুন নামেই বাহিনীটি পরিচিত হবে, যদিও আনুষ্ঠানিক আদেশ জারির পর পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, শুধু নাম নয়—এসআইএফ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন পোশাক তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই সদস্যদের নতুন পোশাকে দেখা যেতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত দেড় বছরে বাহিনীর কার্যক্রম ও পেশাদারিত্বে ইতিবাচক পরিবর্তন এসেছে। এই অগ্রগতির প্রতিফলন হিসেবেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, অনেকের কাছে ‘র্যাব’ নামটি নেতিবাচকভাবে বিবেচিত হচ্ছিল, যা পরিবর্তনের প্রয়োজনীয়তাকে আরও জোরালো করেছে।
ব্রিফিংয়ে নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া পুলিশের মনোবল ও কর্মক্ষমতা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের বাধা আসবে না।

