ডেস্ক রিপোর্ট: বৈদেশিক মুদ্রার মজুত নতুন করে বৃদ্ধি পেয়ে ৩৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। সর্বশেষ হিসাবে দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারের সমান।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সোমবার (২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৮ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ১৫ জানুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ দশমিক ০২ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আইএমএফের বিপিএম-৬ কাঠামো অনুযায়ী স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ নির্ধারণ করা হয়।
এদিকে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে সর্বশেষ ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কিনেছে। সব মিলিয়ে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪১৫ কোটি ডলার।

