নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি গরু ফার্মে দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। ঘটনায় ধানের শীষ সংবলিত একটি পাজারো গাড়ি ব্যবহারের অভিযোগ থাকায় স্থানীয় পর্যায়ে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে অবস্থিত শাহজালাল এগ্রো গরু ফার্মে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফার্মের অংশীদার মনজুর ইলাহী (৩৫) সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঢাকার তেজগাঁওয়ের মনিপুরি এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের ছেলে।
লিখিত অভিযোগে মনজুর ইলাহী উল্লেখ করেন, তিনি ও তার সহযোগীরা যৌথভাবে শাহজালাল এগ্রো গরু ফার্ম পরিচালনা করে আসছেন। ঘটনার দিন সকালে রাজু (৩৫), আবুল হাশেম (৪৮), জসিম (৩৯), রাজিব (২৫)সহ অজ্ঞাতনামা আরও ১০–১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ফার্মে হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ধানের শীষ প্রতীক সংবলিত একটি পাজারো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১১-৮২৫০) ব্যবহার করে ফার্মে প্রবেশ করে। এ সময় তারা ফার্মের আসবাবপত্র, সিসি ক্যামেরার ক্যাবল, বিদ্যুতের তার, রশি ও ম্যাট ভাঙচুর করে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি করে।
একপর্যায়ে হামলাকারীরা মনজুর ইলাহীকে মারধর করে গরু বিক্রির সিন্দুকে রাখা তিন লাখ এক হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের ও পুলিশের সহায়তায় আহত মনজুর ইলাহীকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মনজুর ইলাহী অভিযোগ করে বলেন, ধানের শীষ সংবলিত গাড়ি ব্যবহার করে হামলা চালানোয় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
এ বিষয়ে সিংগাইর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ধানের শীষ ব্যবহার করে কেউ ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটাতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

