ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে পৌঁছেছে। একই সঙ্গে এখনো অন্তত ২৭ জনের খোঁজ পাওয়া যায়নি।
বুধবার (২৮ জানুয়ারি) দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের সন্ধানে প্রায় ৮০০ উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ সদস্য উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। তবে টানা বৃষ্টিপাতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। তা সত্ত্বেও আগামী ১৪ দিন অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, সীমান্ত এলাকায় টহল প্রশিক্ষণ চলাকালে ২৩ জন সেনাসদস্য নিখোঁজ হন। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে কোনো সেনাসদস্য রয়েছেন কি না—তা এখনও নিশ্চিত করা যায়নি।
ভূমিধসে ক্ষতিগ্রস্ত গ্রামটি রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত।
উল্লেখ্য, গত শনিবার (২৪ জানুয়ারি) টানা ভারী বৃষ্টি ও বন্যার প্রভাবে পশ্চিম জাভায় এই ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। এর মাত্র দুই মাস আগেই সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণ হারান এক হাজারেরও বেশি মানুষ।

