নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলের ২০তম বার্ষিক মিলাদ মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সকাল ১০ টার দিকে পৌরসভার আঙ্গারিয়া মহল্লায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলাদ ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলের ধর্মীয় শিক্ষক হযরত মাওলানা আহসান উল্লাহ এবং হযরত মাওলানা আতিকুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
মিলাদ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাংশা ছহির উদ্দিন ইসলামিয়া মাদ্রাসা শিক্ষক হযরত মাওলানা আব্দুল করিম । এসময় তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে তিনি দেশ, জাতি, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব এবং এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নবীন বরণ পর্বে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়।
অনুষ্ঠানে এ. কাদের ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শেষ পর্বে তবারক বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

