গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তের মধ্যে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল ছুড়ে দিয়ে দ্রুত শহরের দিকে পালিয়ে যায়।
বিস্ফোরণের বিকট শব্দে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। দুষ্কৃতকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

