বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন—এমন অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, নির্ধারিত সময় রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করার নিয়ম থাকলেও মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে প্রচারণা চালানো হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী পরিচালনা কমিটির সভা শেষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, বিএনপি শুধু নিজেরাই নয়, অন্য প্রার্থীদেরও নিয়ম ভাঙতে উৎসাহ দিচ্ছে। বিভিন্ন এলাকায় আচরণবিধি অমান্য করে পোস্টার ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি আগের নির্বাচনের মতো এবারও ভোটকেন্দ্রের বাইরে সেনাবাহিনী রাখার সিদ্ধান্তকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন আসিফ মাহমুদ। তার মতে, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি।
এনসিপির মুখপাত্র আরও বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দিচ্ছে। এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
গণমাধ্যম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তার দাবি, দেশের কিছু মিডিয়া একটি দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে, যা নির্বাচন প্রক্রিয়ার জন্য বড় ঝুঁকি। এ সময় তিনি সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
এদিকে, এনসিপির পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন পায়রা চত্বরে দলটির নির্বাচনী থিম সং-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

