অনলাইন ডেস্ক
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার ঘটনায় দীর্ঘ বিচার শেষে রায় দিয়েছেন দেশটির আদালত। ঘরে তৈরি বন্দুক দিয়ে প্রকাশ্যে হামলার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২২ সালে পশ্চিম জাপানের নারা শহরে এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছিলেন শিনজো আবে। এ সময় তেতসুয়া ইয়ামাগামি ঘরে তৈরি আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে গুলি করে হত্যা করেন। ঘটনাটি জাপানজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, কারণ দেশটিতে আগ্নেয়াস্ত্র সহিংসতা অত্যন্ত বিরল।
ঘটনাস্থল থেকেই ৪৫ বছর বয়সী ইয়ামাগামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলার শুনানিকে কেন্দ্র করে নারা জেলা আদালতের বাইরে শত শত মানুষ ভিড় করেন। আদালত কক্ষে আসনসংখ্যা সীমিত থাকায় লটারির মাধ্যমে দর্শক নির্বাচন করা হয়।
স্বাস্থ্যগত কারণে ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও শিনজো আবে জাপানের রাজনীতিতে ছিলেন অত্যন্ত প্রভাবশালী। দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামলকে রাজনৈতিক স্থিতিশীলতার সময় হিসেবে বিবেচনা করা হয়।
এই রায়ের মাধ্যমে জাপানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার সমাপ্তি ঘটলো।

