বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন। সফরের প্রথম দিনেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
আগামীকাল বৃহস্পতিবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তিনি।
বুধবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
তিনি জানান, বৃহস্পতিবার থেকে তারেক রহমান সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এসব সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়নবঞ্চিত সাবেক ছাত্রদল ও যুবদল নেতারা।
সংবাদ সম্মেলনে ঢাকা-১৫ আসনের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সেখানে সংঘর্ষের ঘটনা নিন্দনীয়। তবে ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বিএনপি একটি ত্রুটিমুক্ত ও মডেল নির্বাচন চায়।
তিনি আরও জানান, দলীয় প্রার্থীদের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে গণসংযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থানের কথাও জানান বিএনপির এই মুখপাত্র। তিনি বলেন, নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় একটি পক্ষ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে।

