ডেস্ক রিপোর্ট :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) তার বাসভবন যমুনায় এ সভা অনুষ্ঠিত হয়, যা অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নিকারের প্রথম সভা।
সভায় অর্থ মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা অংশ নেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ মোট ১৪ জন সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে চারটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত রয়েছে।
সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের অধীনে ‘রাজস্ব নীতি বিভাগ’ এবং ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়। এ বিষয়ে ইতোমধ্যে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে।
এছাড়া ‘স্বাস্থ্য সেবা বিভাগ’ ও ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ একীভূত করে ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ পুনর্গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। একই সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।
সভায় পরিবেশগত বৈশ্বিক গুরুত্ব, পর্যটন সম্ভাবনা ও অর্থনৈতিক বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরির জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদিত হয়।
নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত অনুযায়ী, গাজীপুর জেলায় ‘পূর্বাচল উত্তর’, নারায়ণগঞ্জ জেলায় ‘পূর্বাচল দক্ষিণ’ এবং কক্সবাজার জেলায় ‘মাতারবাড়ী’ নামে তিনটি নতুন থানা গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এছাড়া নরসিংদী জেলায় রায়পুরাকে বিভক্ত করে আরও একটি নতুন থানা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ঠাকুরগাঁও জেলার ‘ভূল্লী’ থানার নামের বানান সংশোধনের প্রস্তাবও সভায় অনুমোদিত হয়েছে।

