আইন উপদেষ্টা ও যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, অযৌক্তিক কোনো শর্ত মেনে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। ভেন্যু পরিবর্তনের দাবি অত্যন্ত যৌক্তিক কারণেই তোলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ড. আসিফ নজরুল জানান, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে তিনি স্পষ্ট করেন, যদি আইসিসি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলাদেশের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে বা কোনো অবাস্তব শর্ত আরোপ করে, তাহলে তা মেনে নেওয়া হবে না।
ভেন্যু পরিবর্তনের নজির আগেও রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে পাকিস্তানে খেলতে যেতে অস্বীকৃতি জানালে ভারতের ক্ষেত্রে আইসিসি ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে বাংলাদেশও যুক্তিসংগত কারণ দেখিয়ে ভেন্যু পরিবর্তনের কথা বলেছে। অযৌক্তিক চাপ প্রয়োগ করে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

