রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ দাবিতে মানববন্ধন কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
রোববার (১৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক সিয়াম বিন আইয়ুবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক ঘটনার প্রেক্ষাপটে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে যে ধরনের আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের জন্য ক্ষতিকর। এ অবস্থায় রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক অবস্থার যথাযথ মূল্যায়ন এবং প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা প্রদানের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি মানববন্ধনের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরা হবে।
এর আগে, রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে একটি ব্যানার স্থাপন করেন। পরে ওই ব্যানারটি ছিঁড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ব্যানারটি অপসারণের ঘটনায় রাকসু জিএস আম্মার জড়িত ছিলেন।
এই ঘটনার প্রতিবাদ হিসেবেই রাবি ছাত্রদল আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। পূর্বঘোষণা অনুযায়ী, সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হবে।

