ডেস্ক রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র সংক্রান্ত আপিল নিষ্পত্তির আজ শেষ দিন। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা বাকি সব আপিলের শুনানি আজ রোববার (১৮ জানুয়ারি) গ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও চূড়ান্ত অবস্থান জানাতে পারে কমিশন।
সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। আজকের দিনে অবশিষ্ট সব আপিল নিষ্পত্তির লক্ষ্য নিয়ে কমিশন শুনানি পরিচালনা করবে।
এর আগে শনিবার আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে কমিশন ৪৫টি আপিল গ্রহণ করে। এসবের মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে ২টি আপিল মঞ্জুর করা হয়। অপরদিকে ৩৭টি আপিল নামঞ্জুর করা হয়, যার মধ্যে মনোনয়ন বাতিল সংক্রান্ত ১৩টি এবং মনোনয়ন গ্রহণ সংক্রান্ত ২৪টি আবেদন রয়েছে।
এ ছাড়া শুনানিকালে ৯ জন আপিলকারী তাদের আবেদন প্রত্যাহার করে নেন এবং ২ জন শুনানিতে অনুপস্থিত ছিলেন। আরও ১৯টি আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ভোটের প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

