ডেস্ক রিপোর্ট:
সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে তিনটি বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। শনিবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার দয়ামীর মাদরাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস দয়ামীর মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই এনা পরিবহনের পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
এ ঘটনায় এনা ও শ্যামলী পরিবহনের বাস দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বহু যাত্রী আহত হন।
সংবাদ পেয়ে দ্রুত ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার পর ঢাকা–সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) ঘটনাস্থলের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

