নিজস্ব প্রতিনিধি:
দীর্ঘ ৮৪ বছর পর প্রথমবারের মতো স্মৃতি, আবেগ ও আনন্দের মিলনমেলায় রঙিন হয়ে উঠল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী নবগ্রাম উচ্চ বিদ্যালয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয়ের ইতিহাসে যুক্ত হলো এক গৌরবময় ও স্মরণীয় অধ্যায়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে শুরু হওয়া দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে ছিল বর্ণিল সাজসজ্জা , ব্যাচভিত্তিক অংশগ্রহণ, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক আয়োজন। উৎসবমুখর পরিবেশে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের মিলনকেন্দ্রে।

পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব প্রকৌশলী মুহম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং জাহিদুর রহমান বিশ্বাস ও দীপা রানী মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সরকারি কর্ম কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ( অব:)ড. মো. মহীউদ্দীন। আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন -ঢাকা বিশ্ববিদ্যালয় গনিত বিভাগের অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল, আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা অতিরিক্ত সচিব (অব:) মো.বজলুল হক বিশ্বাস, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মতিউর রহমান,সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাধব চন্দ্র রায় ও বর্তমান প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম। বক্তারা নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা বিস্তার, মানবসম্পদ গঠন ও সমাজে এর গুরুত্বপূর্ণ অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।
বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে পুনর্মিলনে পুরোনো দিনের স্মৃতিচারণ, হাসি-আড্ডা ও ফটো সেশনে মেতে ওঠেন সবাই।
অনুষ্ঠানের শেষ পর্বে জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনালের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। তাঁর পরিবেশনায় পুরো আয়োজনে যোগ হয় বিশেষ আবেশ ও আনন্দের রেশ।
আয়োজকরা জানান, এ পুনর্মিলনী কেবল একটি অনুষ্ঠান নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সম্পর্ক, ভালোবাসা ও ঐতিহ্যের বন্ধন দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

