অনলাইন ডেস্ক:
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদন এবং রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে ফের রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা গভর্নমেন্ট কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। এতে আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় পথচারীদের অনেককে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
এদিকে, সায়েন্স ল্যাব মোড়ের পাশাপাশি টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার মোড়েও আজ দুপুর থেকে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ‘ব্লকেড’ কর্মসূচি অব্যাহত থাকবে। সাতটি সরকারি কলেজকে অন্তর্ভুক্ত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব হওয়ায় তারা এক দফা দাবিতে এই আন্দোলনে নেমেছেন।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

