অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিল আবেদনের শুনানির পঞ্চম দিন আজ বুধবার (১৪ জানুয়ারি)।
সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানি চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজকের শুনানির জন্য ২৮১ থেকে ৩৮০ নম্বর পর্যন্ত মোট ১০০টি আপিল আবেদন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
ইসি সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এবার মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত শনিবার থেকে এসব আপিল আবেদনের শুনানি শুরু হয়।
শুনানির প্রথম দিনে ৫১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। পরদিন রোববার ৫৭ জন, সোমবার ৪১ জন এবং গতকাল মঙ্গলবার ৫৩ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়। এ নিয়ে চার দিনে মোট ২০৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
এদিকে, নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

