ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, তারা যদি ইরানের সামরিক সক্ষমতা পরীক্ষা করতে চায়, তাহলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। সোমবার (১২ জানুয়ারি) আলজাজিরা আরবিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
আরাগচি বলেন, “যদি ওয়াশিংটন আমাদের সামরিক শক্তি পরীক্ষা করতে চায়, যেটি তারা আগেও পরীক্ষা করেছে, আমরা এর জন্য প্রস্তুত। আমি আশা করি যুক্তরাষ্ট্র বুদ্ধিমানের মতো আলোচনাকে বেছে নেবে।” তিনি ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানতে ইচ্ছুক পক্ষগুলোকে সতর্ক করেছেন।
ইরানের চলমান অস্থিরতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, এই আন্দোলনে সশস্ত্র সন্ত্রাসীরা অনুপ্রবেশ করেছে, যারা বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন যে, ইরানে চলমান বিক্ষোভ ও সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সরাসরি হাত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি এই ‘সন্ত্রাসীদের’ উসকে দিচ্ছে বলেও তিনি দাবি করেন। আরাগচির মতে, বিদেশি হস্তক্ষেপের পথ তৈরি করতেই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। তবে তিনি একইসাথে এও মন্তব্য করেন যে, ইরান ‘মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার’ ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহী।

