ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে আলোচনা চললেও বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, কিছু পণ্যের আমদানি কমানো হলেও দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রমে বড় কোনো সমস্যা তৈরি হয়নি। বাংলাদেশ সব দেশের সঙ্গেই মুক্ত ও উদার বাণিজ্যে বিশ্বাস করে এবং সেই নীতিতেই এগোচ্ছে।
শেখ বশিরউদ্দিন আরও জানান, নতুন আইপিও কার্যক্রম চালু করা হচ্ছে এবং বাণিজ্যকে আরও স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায্য করতে কাঠামোগত ও প্রক্রিয়াগত সংস্কার আনা হচ্ছে।
এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসা সহজ করতে আমদানি নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে। তিনি জানান, কিছু ক্ষেত্রে ভারত আমদানি সীমিত করায় বাংলাদেশের রপ্তানি কিছুটা কমেছে।

