নিজস্ব প্রতিনিধি :
তীব্র শীতের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সামাজিক সংগঠন প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শীতার্ত দুস্থ, এতিম মাদ্রাসা শিক্ষার্থী ও নিম্নবিত্ত মানুষের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের গোলাইডাঙ্গা–বাস্তা মোড়ে সংগঠনটির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই মানবিক উদ্যোগে অর্থায়ন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সেলিম হোসেন, সাইফুল ইসলাম, মোবারক হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপকারভোগী পিয়ার জান, জয়তুন ও হাসেম আলী সাংবাদিকদের বলেন,
“প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তা প্রতিবছর শীত মৌসুমে আমাদের পাশে দাঁড়ায়। কম্বল পেয়ে আমরা শীত নিবারণ করতে পারি। শুধু শীতকালেই নয়, অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসায়ও তারা সহায়তা করে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইস্তাফিজুর মেম্বার। এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক হোসেন, শওকত খান, হুমায়ূন রশিদ, আব্দুল হাই, নুরুল ইসলাম, মো. রাশেদুল, সোহরাব হোসেন, শহিদুল ইসলাম ও সোলায়মান প্রমুখ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রবাসী কল্যাণ ট্রাস্ট বাস্তার মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি এলাকায় সুনাম অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

