নিজস্ব প্রতিনিধি:
বন্ধুত্ব, স্মৃতি আর আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে উঠেছিল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। দীর্ঘ ২৫ বছর পর একত্রিত হন বিদ্যালয়টির এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা। পুনর্মিলনী উপলক্ষে ” স্মৃতির পথে আজও আমরা একসাথে” স্লোগানে ২৫ বছরের ফ্রেন্ডশিপ ও মেমোরি শিরোনামে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দারুচিনি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এসএসসি ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
সকাল থেকেই নানা ক্ষুদ্র আয়োজন, স্মৃতিচারণ, কুশল বিনিময় ও আনন্দঘন কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের একসঙ্গে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
দিনের শেষ পর্বে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন এসএসসি ২০০০ ব্যাচের বন্ধু কণ্ঠশিল্পী কামাল পারভেজ এবং অতিথি শিল্পী জুয়েল। পাশাপাশি ব্যাচের অন্যান্য বন্ধু ও বান্ধবীরাও গান পরিবেশন করে অনুষ্ঠানের আনন্দকে আরও বাড়িয়ে দেন।

অনুষ্ঠানের আয়োজক ও অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘ ২৫ বছর পর আবার একসঙ্গে মিলিত হয়ে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। এমন মিলনমেলা বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

