ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি বসতঘরে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোহান নামের এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণে ঘরটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামেরই বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে একটি বসতঘরের দেয়াল ও চালা উড়ে যায়। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ঘরটিকে লন্ডভন্ড অবস্থায় দেখতে পান। ঘর থেকে কিছু দূরে একজন যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ঘরের ভেতর থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি এলাকাটিতে উত্তেজনা বিরাজ করছিল এবং পুলিশি নজরদারি জোরদার করা হয়েছিল। বিস্ফোরণের প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

