নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন এনে অবসরপ্রাপ্ত তিনজন সেনা কর্মকর্তাকে তাঁর নিরাপত্তা দলে যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (গতকাল) রাতে বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ১০টা ৩৮ মিনিটে প্রকাশ করা হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের নিরাপত্তা দলে পরিচালক (নিরাপত্তা), পরিচালক (প্রটোকল) ও পরিচালক (সমন্বয়)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে পরিচালক (নিরাপত্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর (অব.) মোহাম্মদ শাফাওয়াত উল্লাহ। পরিচালক (প্রটোকল) হিসেবে নিযুক্ত হয়েছেন মেজর (অব.) মইনুল হোসেন এবং পরিচালক (সমন্বয়) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ক্যাপ্টেন (অব.) মো. গণী উল আজমকে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তায় নিয়োজিত চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) পুনর্গঠন করা হয়। একই সঙ্গে বাহিনীটির সদস্যসংখ্যা বাড়ানো হয়।
নতুন করে সিএসএফের দায়িত্ব গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম। ঢাকায় ফেরার পর থেকেই তারেক রহমানের সার্বিক নিরাপত্তায় সিএসএফ কার্যক্রম শুরু করে।

