জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন এবং ওই দিনই গণভোটের জন্য ঘোষিত তফসিল চ্যালেঞ্জ করে এ রিট দায়ের করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিটকারী আইনজীবী জানান, চলতি সপ্তাহের মধ্যেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
রিট আবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে সংবিধানে কোনো সুস্পষ্ট বিধান নেই। ফলে এই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সংবিধানসম্মত নয় বলে দাবি করা হয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে তার অধীনেই নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন আয়োজন কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে আদালতের কাছে রুল জারির আবেদনও জানানো হয়েছে।

